সেপ্টেম্বর ১৮, ২০২২, ০১:২৯ পিএম
ইরানে হিজাব না পরায় পুলিশের হাতে আটকের পর মাশা আমিনি নামের তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার মাহসার জন্মশহর সাকেজে তাঁর জানাজা ও দাফন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেখানে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন। তাঁরা স্লোগানে স্লোগানে বলছেন, ‘সাকেজ একা নয়, সানান্দাজ তার পাশে আছে’।
সাকেজে কিছুসংখ্যক বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ইঙ্গিত করে স্লোগান দেন। তাঁরা স্লোগানে বলেন, ‘স্বৈরশাসক নিপাত যাক’। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
মাশার জানাজার সময় কিছু নারী তাদের মাথার স্কার্ফ খুলে ইরানে হিজাব পরার বাধ্যকতার প্রতিবাদ জানান।
ইরানে জনপরিসরে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দাবিধি রয়েছে। এই বিধিগুলো কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করে দেশটির নৈতিকতা–বিষয়ক পুলিশ। এই বিধির আওতায় নৈতিকতা–বিষয়ক পুলিশ দল গত মঙ্গলবার মাহসাকে তেহরান থেকে আটক করে। আমিনি তাঁর পরিবারের সঙ্গে তেহরান সফরে গিয়েছিলেন।
আটকের পর তিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।