এপ্রিল ২০, ২০২৩, ০৩:২৩ পিএম
শনিবারই উত্তরপ্রদেশে একেবারে জনসমক্ষে খুন হন সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তাঁর ভাই আরশাদ আহমেদ। তার দুইদিন আগেই ক্রসফায়ারের নামে হত্যা করা হয় তার এক ছেলেকে। আতিকের স্ত্রী শায়েস্তা পারভীনকেও খুঁজছে পুলিশ। তাঁকে ধরিয়ে দিতে পুরষ্কারও ঘোষনা করেছে রাজ্যসরকার। মাফিয়া ডন থেকে রাজনীতিক হওয়া আতিকের স্ত্রীও পুলিশের তালিকায় ‘গডমাদার’ হিসেবে নথিভুক্ত।
এরইমধ্যে বুধবার কৌশাম্বীতে তাঁর খোঁজে তল্লাশি চালায় পুলিশ। ড্রোনের ব্যবহার করেও দুই ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে শায়েস্তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এএসপি সমর বাহাদুর।
দীর্ঘদিন ধরে ফেরার আতিকের স্ত্রী শায়েস্তা পারভীনের বিরুদ্ধে চারটি অভিযোগ রয়েছে। তিনি যেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সেই চেষ্টা হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের সাবেক কনস্টেবলের মেয়ে শায়েস্তা সেই পথে হাঁটেননি। তারপর তাঁর খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ।
উত্তরপ্রদেশের বাহুবলী রাজনীতিক আতিক আহমেদ ও তাঁর ভাই আরশাদকে খুন করার ঘটনা তদন্তের স্বার্থে পুনর্নিমাণ করবে পুলিশ। গত শনিবার আতিক ও তার ভাইকে সাংবাদিক সেজে তিন অভিযুক্ত যেভাবে হত্য়া করেছিল, ঘটনাস্থলে গিয়ে তা আবার সাজাবার চেষ্টা করবে পুলিশ।
এর জন্য তিন অভিযুক্ত ২২ বছরের লাভলেশ তিওয়ারি, ২৩ বছর বয়সি মোহিত সিং ওরফে শনি এবং ১৮ বছরের অরুণ মৌর্ষকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে পুলিশ। কোনো বড় ঘটনার তদন্তে পুলিশ এখন এইভাবে ঘটনার পুনর্নিমাণ করে থাকে। এই তিন অভিযুক্তকে চারদিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
সূত্র জানাচ্ছে, পুলিশের কাছে শনি জানিয়েছে, তুরস্কে তৈরি জিগানা পিস্তল সে ডন জিতেন্দ্র সিং গোগির কাছে পেয়েছিল। ২০২১ সালে দিল্লিতে আদালতকক্ষে গোগিকে গুলি করে হত্য়া করা হয়। গোগির দেওয়া পিস্তল দিয়েই তারা আতিককে খুন করেছে বলে জানিয়েছে।
এই তিন অভিযুক্ত এর আগেও একবার আতিককে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন আতিকের সঙ্গে পুলিশের বলয় দেখে আর সেই চেষ্টা করেনি।