সেপ্টেম্বর ৮, ২০২২, ১০:৩৩ পিএম
ব্রিটেনের রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করার পর রানিকে তার ব্যক্তিগত বাসভবন স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়, ‘আজ সকালে রানির স্বাস্থ্যের পুর্নমূল্যায়ন করার পর, রানির চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকদের নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন। প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে।ব্যালমোরালে রানি বিশ্রাম করছেন।’
রানির সন্তান ও আত্মীয়রা স্কটল্যান্ডের পথে
বিবিসিসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ব্যালমোরালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। রানির সব সন্তান সেখানে জড়ো হচ্ছেন। কেউ ইতোমধ্যেই স্কটল্যান্ডে তার বাসভবনে পৌঁছেছেন অথবা পথে রয়েছেন।
রানির মেজো ছেলে ডিউক অফ ইয়র্ক এবং তার ছোট ছেলে কাউন্ট অফ ওয়েসেক্স ও তার স্ত্রী কাউন্টেস অফ ওয়েসেক্সও ব্যালমোরালের পথে রয়েছেন।
রানির কন্যা প্রিন্সেস রয়াল, প্রিন্সেস অ্যান ইতোমধ্যেই নিজের কাজে স্কটল্যান্ডে রয়েছেন।
ডিউক অফ কেম্ব্রিজ, প্রিন্স উইলিয়ামও স্কটল্যান্ডে রানির প্রাসাদের পথে রয়েছেন। তার স্ত্রী ডাচেস অফ কেম্ব্রিজ তার সন্তানদের নিয়ে উইন্ডসরে থাকছেন, কারণ তাদের সন্তানদের স্কুল খোলার প্রথম দিন আজ।
ডিউক আর ডাচেস অফ সাসেক্স, হ্যারি ও মেগান-এর লন্ডনে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেবার কথা ছিল। কিন্তু তারা এখন স্কটল্যান্ডে রওয়ানা হয়ে গেছেন।
যেভাবে জানা গেল রানির অসুস্থতা
গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ দুর্গে রয়েছেন রানী। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৯৬ বছসী রানী দ্বিতীয় এলিজাবেথ। হাঁটুর ব্যথায় রীতিমতো কাবু হয়ে পড়েছেন তিনি। দেশের ৫৬ তম প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ করেছেন রানি। প্রথা-মাফিক তারপরই প্রিভি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। কিন্তু রানি অসুস্থ হওয়ায় গতকাল বুধবারের ওই বৈঠক বাতিল করা হয়। ঠিক তার একদিনের মাথাতেই, বৃহস্পতিবার বিবৃতি দিয়ে রানির অসুস্থতার খবর জানানো হয়। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন।
স্পষ্টতই রানির স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আগে তারা রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে শুধু রানির চলাফেরার সমস্যার কথা উল্লেখ করলেও এবারই প্রথম তারা সে বিষয় উল্লেখ না করে আরও খোলাখুলি তার শারীরিক অবস্থার কথা বলেছেন।
তবে ভিত্তিহীন কিছু গুজব নিয়েও সতর্ক করে দেয়া হয়েছে। যেমন রানি হয়ত পড়ে গিয়ে থাকতে পারেন, এমন কথাও কেউ কেউ বলছেন।
মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে লিজ ট্রাসকে নিয়োগ করার সময় তোলা ছবিতে রানিকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কিন্তু শীর্ষ মন্ত্রীদের সাথে প্রিভি কাউন্সিলের বৈঠক যেটি অনলাইনে ভার্চুয়াল বৈঠক হিসাবে হবার কথা ছিল, সেটিতে রানির যোগ না দেবার সিদ্ধান্ত ঘোষণার পর রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী লিজ ট্রাসের উদ্বেগ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বৃহস্পতিবার এক টুইটে তিনি লিখেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে পুরো দেশ (যুক্তরাজ্য) গভীরভাবে উদ্বিগ্ন।
রানির প্রাসাদ থেকে এক বিবৃতি জারি করার পর এক টুইট বার্তায় লিজ ট্রাস বলেন, ‘এই মধ্যাহ্নভোজের সময় বাকিংহাম প্যালেসের খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন হবে। আমার চিন্তাভাবনা এবং আমাদের ব্রিটেনজুড়ে মানুষের চিন্তভাবনা এই সময়ে একটিই আর তা হচ্ছে, এক্ষণে মহামতি রানি এবং তার পরিবার কেমন আছে।’
প্রসঙ্গত, বুধবারের প্রিভি কাউন্সিলের বৈঠকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কথা ছিল লিজ ট্রাসের। তার সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথগ্রহণ হওয়ার কথা ছিল। এই প্রসঙ্গে বাকিংহাম প্রাসাদের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন রানি। তাই সন্ধ্যাবেলার প্রিভি কাউন্সিলের বৈঠকের দিনক্ষণ নতুন করে জানানো হবে।