ভারতের মহারাষ্ট্রে নিজেদের বাড়ি থেকে একই পরিবারের পাঁচজন নারী ও চারজন পুরুষ সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার মহারাষ্ট্রের সাংলি জেলার মহিসাল এলাকার ওই বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই ৯জন আত্মহত্যা করেছেন বলে পুলিশ সন্দেহ করলেও এখনও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাই থেকে মহিসালের দূরত্ব ৩৫০ কিলোমিটারের বেশি। পুলিশ ধারনা করছেন মৃতরা সবাই আত্মহত্যা করেছেন। সাংলি পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেন, “আমরা একটি বাড়িতে ৯টি মরদেহ পেয়েছি। এর মধ্যে তিনটি দেহ এক স্থানে পাওয়া যায়। বাকি ছয়টি বাড়ির অন্যান্য স্থানে পাওয়া যায়।”
অন্য এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যম টিভি৯বাংলাকে বলেন, “তারা ধারণা করছেন এটি আত্মহত্যা জনিত ঘটনা এবং মৃতরা বিষাক্ত কিছু খেয়েছিল। তবে ময়নাতদন্তের পরই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”