জার্মানীসহ ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২২, ০৬:৪৪ পিএম

জার্মানীসহ ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

গ্যাস পাইপ সংস্কারের পর আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। এর মধ্যে কিছু গ্যাস সরবরাহ করা হচ্ছে জার্মানির বার্লিনে এবং কিছু অন্যান্য ইউরোপীয়ান দেশগুলোতে। ইউরোপের শিল্পকারখানার নেতারা বলছেন, গ্যাসের সংকটের সমাধান না হলেও অচিরেই জনসাধারণের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা লাগতে পারে, যা পর্যায়ক্রমে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি ডেকে আনবে। যেভাবে রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দিচ্ছে তা আসন্ন শীতে জনগণের ওপর  মারাত্বক প্রভাব ফেলবে বলে ধারণা শীতপ্রধান অঞ্চল ইউরোপের বিশেষজ্ঞদের। রুশ গ্যাসের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানীর পথে হাটছে ইউরোপের দেশগুলো। তবে নতুন করে আমদানী এলাকা তৈরি করতে যে অবকাঠামো নির্মাণ খরচ হবে, তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে ইউরোপ। এসব নানা কারণে আপাতত রুশ গ্যাসের বিকল্প দেখছেন না ইউরোপের অর্থনৈতিক বিশ্লেষকরা।  

পাইপ সংস্কারের কারণে সম্প্রতি জার্মানিতে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলে আশংকা করা হচ্ছিলো; এ সংযোগ দীর্ঘদিনের জন্যই বিচ্ছিন্ন করা হচ্ছে। সংস্কার কাজ চলায় গত ১০ দিন ধরে রাশিয়ার নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হলেও তা আগের থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এক টুইটার বার্তায় রাজনীতিবিদ ক্লাউস মুলার জানিয়েছেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপ লাইনে ১ মাস আগে থেকেই সরবরাহ ক্ষমতার মাত্রা ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে। গত মাসে নর্ড স্ট্রিম ওয়ান গ্যাস লাইনের একটি গুরুত্বপূর্ণ উপাদান টারবাইন কানাডায় মেরামত করতে নেওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে রাশিয়া। ধারণা করা হচ্ছে; মেরামত শেষে গুরুত্বপূর্ণ ওই টারবাইনটি এখন রাশিয়ার নেওয়া হচ্ছে। পুতিন বলেছেন, টারবাইন না আসলে আবারও গ্যাস সরবরাহ কমানো হতে পারে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে; পাইপলাইনের গুরুত্বপূর্ণ আরও একটি অংশ মেরামত খানায় পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। 

ওদিকে, আগামী ৭ মাসের মধ্যে ইউরোপের দেশগুলোকে ১৫ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় করতে আহবান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। কমিশনের ধারণা, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলেও যেন ইউরোপের দেশগুলোতে কোন প্রভাব  না পড়ে, সেজন্য গ্যাসের ব্যবহার কমানো জরুরী।

গত বছরের হিসাবে, ইউরোপের মোট গ্যাসের ৪০ শতাংশই সরবরাহ করে রাশিয়া। ২০২০ সালের হিসাবে; ইউরোপে রুশ গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা জার্মানি। দেশটিও রুশ গ্যাসের উপর থেকে নির্ভরতা কমাতে গ্যাস আমদানি ৫৫% থেকে ৩৫% নামিয়ে এনেছে। রাশিয়া থেকে গ্যাস আমদানী একেবারেই বন্ধ করে দেওয়ারও ইচ্ছা রয়েছে জার্মানদের। যদিও এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্র্যাজপ্রম চুক্তি অনুযায়ী কাজ করবে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন; যারা বলছেন; রাশিয়া গ্যাসকে ব্ল্যাকমেইল করার অস্ত্র বানিয়েছে; তাদের ধারণা ভুল।

   

Link copied!