টুইটার কেনার পর থেকে প্রতিদিন নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন সংবাদের পাতায়। এবার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বিক্রি করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দেওয়া এ ঘোষণায় ইলন মাস্ক জানিয়েছেন, কোম্পানিটির ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজারমূল্যের হিসাবে যার আর্থিক মূল্য প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলার।
টুইটারের নেতৃত্ব নেওয়ার পর এই প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা এল। টেসলার মালিকানাও রয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে।
বিশ্বজুড়ে সুপরিচিত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বেচে আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিনিয়োগ করছেন ইলন মাস্ক। নতুন করে ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রির ঘোষণা দেওয়ার ফলে চলতি বছরে এ নিয়ে সব মিলিয়ে টেসলার ২ হাজার কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইলন মাস্ক।
ইলনের একের পর এক শেয়ার বিক্রির ঘোষণায় বাজারে টেসলার শেয়ারের দামও কমছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমেছে। আর টেসলার শেয়ার বেচে ইলন মাস্ক সংগ্রহ করেছেন দুই হাজার কোটি ডলার।
চলতি বছরের শুরুতে ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার ঘোষণা দেন। এর পর থেকে টুইটারকেন্দ্রিক নানা আলোচনা ও খবরের জন্ম দিয়ে চলেছেন বিশ্বের শীর্ষ এই ধনী।
সূত্র: বিবিসি।