নভেম্বর ২৩, ২০২২, ১০:১৪ এএম
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অন্যদিকে তুরস্কতে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। অন্যদিকে বুধবার (২৩ নভেম্বর) ভোর রাতে ভারতের মহারাষ্ট্রেও ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।
অবশ্য এসব ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৩ নভেম্বর) রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তুরস্কে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে, বুধবার তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার (১.২৪ মাইল) গভীরে ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।
এদিকে, মঙ্গলবার (২২ নভেম্বর) মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।
অন্যদিকে বুধবার ভোর রাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার ভোররাতে মহারাষ্ট্রের নাসিকের কাছে রিখটার স্কেলে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
এনসিএস’র দেওয়া তথ্য অনুসারে, নাসিকের ৮৯ কিলোমিটার পশ্চিমে ভোর ৪টার দিকে ভূপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেটের নড়াচড়া অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির ৫ কিলোমিটার নিচে।
এদিকে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন ৭ হাজারেরও বেশি মানুষ। সোমবার (২১ নভেম্বর) জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ব্যাপক প্রাণঘাতী এই ভূমিকম্প আঘাত হানে।
খবর: ইউএসএ ট্যুডে, রয়টার্স, এএনআই।