নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করলেন জাতিসংঘ মহাসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২২, ১১:৪৭ এএম

নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন। তার সফরের মধ্যেই বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট হামলার পর এ সমালোচনা করেন তিনি। গুতেরেস বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। 

তিনি বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় এ সংঘাত নিয়ে পরিষদে আনা প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে রাশিয়া। ফলে নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত সফল হয়নি। বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যান্তনিও গুতেরেস। জেলেনস্কি আগেও বহুবার নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন। গুতেরেস বলেন, ‘আমি এখানে আপনাকে এবং ইউক্রেনীয় জনগণকে বলতে এসেছি, আমরা হাল ছাড়ব না।’ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এ সফরের মধ্যদিয়ে জাতিসংঘ মহাসচিব ইউক্রেনে রাশিয়ার করা যুদ্ধাপরাধ নিজে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। এ সময় জেলেনস্কি আরও একবার তার দেশে রাশিয়ার পদক্ষেপকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন।

জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে কিয়েভের শেভচেনকো জেলার মধ্যস্থলে দুটি বিস্ফোরণ ঘটে। শহরের মেয়র জানিয়েছেন, এসব বিস্ফোরণে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Link copied!