পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ট পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাকিস্তানের ১২তম পররাষ্ট্রমন্ত্রী তিনি। ফেডারেলমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত হলেও তার মন্ত্রণালয় নিয়ে গুঞ্জন ছিলো। যদিও অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারাবার পর থেকে নতুন প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ দায়িত্ব নেওয়ার পর বিলাওয়ালকেই পররাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে এমন খবর শোনা যাচ্ছিলো।
পাকিস্তানের দ্য ডন’ পত্রিকা জানায়, বুধবার ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথ নেন বিলাওয়াল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও।
৩৩ বছর বয়সী বিলাওয়াল ২০১৮ সালে প্রথম ন্যাশনাল এসেম্বলিতে নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।