পানি বাঁচাতে জনগণকে মদ খাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য জনার্ধন মিশ্র।
মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, নিজ এলাকার জনগণকে পানি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে গিয়ে মদ ও তামাক খেতে পরামর্শ দেন জনার্দন মিশ্র। তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জনার্দন মিশ্র মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রেওয়া লোকসভা আসনের এমপি।
এএনআই এর প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৫৩০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় পানি সংরক্ষণসংক্রান্ত একটি কর্মশালায় উপস্থিত ছিলেন রেওয়া লোকসভা আসনের বিজেপির এই এমপি। সেখানে তিনি বলেন, সেখানে তিনি বলেন, দেখুন আপনারা- মাটি থেকে পানি শুকিয়ে যাচ্ছে। পানি বাঁচাতে, সংরক্ষণ করতে আমাদের অবিলম্বে সতর্ক হতে হবে। আপনারা হয় ঘুটকা খান, নয় মদ খান, গাঁজাও খান। প্রয়োজনে থিনার কিংবা আঠার ঘ্রাণ নিন; আয়োডেক্স খান। কিন্তু পানি সংরক্ষণের গুরুত্ব দয়া করে বুঝতে চেষ্টা করুন।
গত কয়েক বছরে বেশ কয়েকটি পানি সংরক্ষণ প্রকল্প ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনার্ধন মিশ্র যে কর্মশালায় মদ খাওয়ার পরামর্শ দেন, সেটি মোদির প্রকল্পেরই অংশ।