ভারতে যাত্রীবাহি একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।শনিবার (২২ অক্টোবর) সকালে মধ্যপ্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহি বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। পথে মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় একটি পণ্যবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়।
রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে বলা হয়, আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসযাত্রীরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়।