গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ও শর্ট সার্কিট থেকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আওরঙ্গাবাদ শহরের শাহগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ৭ জন পুলিশসহ ৫০ জন দগ্ধ হয়েছেন এ অগ্নিকাণ্ডে। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পুলিশ সদস্যরা।
পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে শাহগঞ্জে এক বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়।
গত শুক্রবার চার দিনব্যাপী ছট পূজা শুরু হয়েছে বিহারসহ উত্তর ও পূর্বভারতের বিভিন্ন রাজ্যে। ওই সময় বাড়িটিতে পূজার প্রসাদ রান্না করা হচ্ছিল।
সিলিন্ডার বিস্ফোরণের জেরে শর্ট সার্কিট হওয়ায় আগুনের ব্যাপ্তি বেড়ে গিয়ে আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে যায় আগুন।
আগুনের সূত্রপাত হওয়া বাড়িটি শাহগঞ্জ পুলিশ স্টেশনের কাছেই হওয়ায় পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যেতে সক্ষম হন।
প্রাথমিক অবস্থায় আহতদের আওরঙ্গাবাদ সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের কয়েকজনকে বিভিন্ন ব্যক্তিগত নার্সিং হোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহগঞ্জ পুলিশ স্টেশনের উপপরিদর্শক বিনয় কুমার।
সূত্র : এনডিটিভি