ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে নিরাপদে বের হয়েছেন শিশুসহ ২০ জন বেসামরিক লোকের একটি দল। দক্ষিণাঞ্চলীয় শহরটির এ অংশটিই শুধু এখনও ইউক্রেনীয় সেনাদের হাতে রয়েছে। ইউক্রেনের বিতর্কিত আজাব ব্যাটালিয়ানের সদস্যরা সেখানে রুশ সৈন্যদের বিরুদ্ধে শেষ মুহূর্তের লড়াই চালিয়ে যাচ্ছেন। বন্দরনগরী মারিউপুলের দখল নিতে পারলে এই বন্দরটি ব্যবহার করে সহজেই দনবাসে হামলা চালাতে পারবে রুশ বাহিনী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিশাল শিল্প এলাকাটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এই প্রথম সেখান থেকে বেসামরিক লোকজন বের হতে পারলো। এখনও ভেতরে আটকে থাকা এক হাজার বেসামরিক মানুষকে মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। রুশ প্রেসিডেন্ট তার সেনাদের বলেছিলেন: "এই শিল্প এলাকাটি বন্ধ করে দাও, যাতে একটি মাছিও বের হতে না পারে।"
আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সভিয়াতোস্লাভ পালামার বলেছেন, তাদের ‘একটি উপযুক্ত জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আশা করি, তাদের ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল জাপোরিঝিয়াতে সরিয়ে নেওয়া হবে। মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বিবিসিকে বলেছেন, আজভস্তালে মানুষ ‘জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সীমায়’ অবস্থান করছে।