ইউক্রেনে পশ্চিমাদের সহায়তা অব্যাহত থাকায় দেশটির সঙ্গে শান্তি আলোচনায় কার্যত কোন ফল আসছে না বলে জানিয়েছে মস্কো। শনিবারও ইউক্রেনের ডোনবাস অঞ্চল দখলে নিতে রুশ হামলা অব্যাহত রয়েছে। তবে এদিন গুরুত্বপূর্ণ ৩টি টার্গেট এলাকা দখলে নিতে ব্যর্থ হয়েছে রুশ সৈন্যরা।
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন এক সাংবাদিক নিহতের ঘটনায় উত্তেজনা বেড়েছে মস্কো-ওয়াশিংটনের মধ্যে। চলমান পরিস্থিতি বিবেচনায় রাশিয়াকে জি টোয়েন্টি সম্মেলনে না রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়লেও রাশিয়া জানিয়েছে, ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াবে না মস্কো।
কৃষ্ণ সাগরে অবস্থান নেওয়া রুশ ডুবোজাহাজ থেকে ইউক্রেনের ফাস্তিভ, ক্রাসনোসিল্কা ও পলোন্নি শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ইউক্রেনীয় সেনাদের অন্তত ১০টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো। এর আগে ইউক্রেনের কিয়েভ শহরে রুশ যুদ্ধযান থেকে দূরপাল্লার গোলা দিয়ে সিরিজ হামলা চালায় রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই হামলায় ২৮০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া পুরোপুরি ধংস করা হয়েছে একটি অস্ত্রাগার ও একটি শিল্পকারখানা।
এদিকে নতুন এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভ ও দনবাসের পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। জেলেনস্কি বলেন, খারকিভের পরিস্থিতি বেশ খারাপ। তবে আমাদের সেনাবাহিনী ধীরে হলেও সফলতা পাচ্ছে। দখলদারেরা মানুষ হত্যার জন্য হিংস্র হয়ে উঠেছে। বেসামরিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে আমরাও তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি।
ইউক্রেনে রুশ হামলা জোরদার করায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে পূর্ব ইউরোপে আট হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার ইউক্রেনে হামলার পর শক্তি দেখানোর সামরিক মহড়ায় অংশ নেবেন সেনারা।