যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিতে ২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২২, ০১:১২ পিএম

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিতে ২ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

নগরির পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুক পোস্টে জানিয়েছে, এটি ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শহরের পুলিশ বিভাগের এক ফেসবুক পোস্টে বলা হয়, এক সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ক্যাপ্টেন শেন ওয়ার সাংবাদিকদের বলেন, এক হামলাকারী গির্জায় ঢুকে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় তিন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুজন নিহত হয়েছেন। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। গত ২৪ মে মেক্সিকো সীমান্তবর্তী উভালদে এলাকার একটি এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন।

Link copied!