জুলাই ৩০, ২০২২, ১২:১৫ পিএম
টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশারের বরাত দিয়ে সিএনএন ও আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় এই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে স্থানীয়দের ঘরবাড়ি। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, মৃত্যু এবং ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড এবং পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

হেলিকপ্টারে উদ্ধার অভিযান চালাচ্ছে ন্যাশনাল গার্ড ও পুলিশের অর্ধশত টিম।পাশাপাশি নৌকায় করেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
স্থানীয়দের প্রকাশ করা একাধিক ভিডিও থেকে দেখা গেছে—বন্যার তীব্রতা এত বেশি যে, কোথাও কোথাও বন্যা ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। রাস্তাগুলোতে এত বেশি পানি জমেছে দেখে মনে হবে যেন একটি নদী।

বন্যায় রাজ্যটির ২৩ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় আছে। তাদের পানির লাইনও ডুবে গেছে।
এদিকে, এমন পরিস্থিতিতে মরার ওপর খড়ার ঘা’র মতো তথ্য দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। রবিআর থেকে আবারও টানা বৃষ্টি ও ঝড়ের পূর্বভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস।