জুলাই ১, ২০২২, ১০:৪১ পিএম
প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নিলেন কেতানজি ব্রাউন জ্যাকসন। ৫১ বছর বয়সী কেতানজি দেশটির সর্বোচ্চ আদালতের ১১৬ তম বিচারক। তিনি বিচারপতি স্টেফেন ব্রেয়েরের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি স্টেফেনের অধীনেই কাজ করতেন। কেতানজি দায়িত্ব নেওয়ার পর ১ জুলাই বিকেল থেকে অবসর জীবনে প্রবেশ করলেন স্টেফেন।
প্রধান বিচারপতি জন রবার্টস কেতানজিকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্যে কেতানজি বলেন, ‘‘আমি আমার সমস্ত হৃদয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অক্ষুন্ন রাখবো এবং সব ধরণের ভয়ভীতিকে অতিক্রম করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করবো।’’ পরে কোর্টের একটি বিবৃতিতে জ্যাকসনের শপথ বাক্য তুলে ধরা হয়।
২০১৩ সাল থেকে মার্কিন ফেডারেল আদালতের বিচারক ছিলেন জ্যাকসন। জ্যাকসনের সঙ্গে মার্কিন সুপ্রিম কোর্টে বিচারপতি সোনিয়া সটোমেয়র, এলেনা কাগান এবং এ্যামি কনে বারেট নামে আরও ৩ মার্কিন নারী বিচারক হিসেবে যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ইতিহাসে ৯ সদস্যের বিচারক প্যানেলে এবারই প্রথম ৪ জন নারী বিচারক হলেন। নতুন বিচারপতিদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।