বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক করতে দেশটিতে সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৯ ডিসেম্বর) পুতিন বেলারুশ সফরে যাবেন বলে জানা গেছে। সবশেষ ২০১৯ সালে পুতিন বেলারুশ সফর করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলারুশ প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, মিনস্কে লুকাশেঙ্কোর কার্যালয় ইন্ডিপেনডেন্স প্যালেসে দুই নেতার মধ্যে আলোচনা হবে। পুতিন ও লুকাশেঙ্কো একে অপরের সাথে মুখোমুখি বৈঠকের পাশাপাশি বেলারুশ ও রাশিয়ার মধ্যে সমন্বয় নিয়ে তাঁদের মন্ত্রীদের সাথে কথা বলবেন। অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বিভিন্ন ধরনের কর্মসূচি চালানোর ব্যাপারে মস্কো ও মিনস্ক অঙ্গীকারবদ্ধ।
মিনস্কের বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের প্রেসিডেন্ট তাঁদের আলোচনায় নিরাপত্তা ইস্যুগুলোকে প্রাধান্য দেবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের ভাবনাগুলো পরস্পরের সাথে বিনিময় করবেন। তবে ইউক্রেন নিয়ে কোনো আলোচনা হবে কি না তা, বিবৃতিতে উল্লেখ করা হয়নি। যদিও ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো বরাবরই বলেছেন, ইউক্রেনে বেলারুশের সেনা পাঠানোর কোনো ইচ্ছে তাঁর নেই।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর ১০ মাসের মাথায় বেলারুশ সফরে যাচ্ছেন পুতিন। বেলারুশের ভূখণ্ডসহ বিভিন্ন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করেছিল মস্কো।