রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে নন ফ্রান্সের ৬০ ভাগ মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:১২ পিএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে নন ফ্রান্সের ৬০ ভাগ মানুষ

ইউক্রেনে ‘নয়া নাৎসিবিরোধী অভিযান’ চালাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যকার এই যুদ্ধে বিশ্ব অর্থনীতি টালমাটাল। চলছে নানা দেশের রেষারেষিও। পশ্চিমাবিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়ার ওপর। রাশিয়াও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এর উত্তাপ টের পাচ্ছে ফ্রান্সের জনগণও। এ অবস্থায় ফ্রান্সের ষাট ভাগ মানুষ রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার পক্ষে নন। রুশ-বিরোধী নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সের ওপরে যে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে মূলত তার কারণেই ফরাসি জনগণ এই নিষেধাজ্ঞা-বিরোধী হয়ে উঠেছে।

এরইমধ্যে ফ্রান্স রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। এছাড়া, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দার মুখোমুখি অবস্থায় রয়েছে ফ্রান্স। রুশ বিরোধী নিষেধাজ্ঞার ফলাফল এখন এতটাই পরিষ্কার হয়ে উঠেছে যে, ফ্রান্সের কেউ এখন আর একথা অস্বীকার করতে পারছে না যে, এই নিষেধাজ্ঞা হিতে বিপরীত হয়েছে।

সম্প্রতি ফরাসি টেলিভিশন পরিচালিত এক জরিপ ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ ফরাসি নাগরিক ইউক্রেন যুদ্ধের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। এছাড়া, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে তারা সরকারের ওপর ক্ষুব্ধ।

জরিপের ফলাফলে দেখা গেছে, ষাট ভাগ ফরাসি নাগরিক রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে। অথবা নিষেধাজ্ঞা কমানোর পক্ষে তারা মতামত দিয়েছেন। তাঁরা বলেছে, রুশ-বিরোধী নিষেধাজ্ঞের কারণে ফরাসি নাগরিকদের গড় ক্রয় ক্ষমতার ওপর বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে।

জরিপে অংশ নিয়ে শতকরা ৭৫ ভাগ ফরাসি নাগরিক বলেছে যে, ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধেজ্ঞার প্রভাব রাশিয়ার ওপর পড়েনি। এছাড়া, ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে ফ্রান্সের জনগণ ঠিক সমানভাবে দ্বিধাবিভক্ত। জরিপে অংশ নেওয়া শতকরা ৮৫ ভাগ মানুষ মনে করেন, যুদ্ধ আরও কয়েক বছর ধরে চলবে।

সূত্র: রয়টার্স

Link copied!