রাশিয়া থেকে গ্যাস আমদানী অব্যাহত রাখার বিষয়টি নিয়ে এখনো সংশয়ে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ তথ্য জানিয়ে জার্মানির অর্থমন্ত্রী বলেছেন, রুশ তেল-গ্যাসের উপর পূর্নাঙ্গভাবে নিষেধাজ্ঞা দেওয়ার অবস্থানে এখনো ইউরোপ আসেনি। মস্কো বলে আসছে, রাশিয়া থেকে গ্যাস কিনতে হলে অবশ্যই রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করতে হবে। রাশিয়ার বিরুদ্ধে অব্যাহত পশ্চিমা ও ইউরোপিয় দেশগুলোর অবরোধের জবাবে রাশিয়া এ সিদ্ধান্ত নেয়।
এ নিয়ে চলতি সপ্তাহে জরুরী বৈঠক করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মন্ত্রীরা। যদিও বৈঠকের আগেই হাঙ্গেরী জানিয়েছে, তারা রাশিয়া থেকে গ্যাস কেনার বিষয়ে নতুন কোন ঐক্যমত্য আসলে বিরোধিতা করবে। দেশটির মুত্রপাত্র জলটান কোভাস জানিয়েছেন, রুশ তেল এবং গ্যাসের উপর ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিরোধী অবস্থানে আছে হাঙ্গেরি। রাশিয়ার এ দুটি জীবাশ্ম জ্বালানীর উপর পূর্ণাঙ্গভাবে নিষেধাজ্ঞার প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে ইউরোপিয় কমিশনে। কমিশন মনে করে, রুবলে গ্যাসের দাম পরিশোধ করলে তা মস্কোর উপর অবরোধের শর্ত ভঙ্গ বলে বিবেচিত হবে।
ইউরোপিয় কমিশন মনে করে, গ্যাস বিক্রি করে যে মুনাফা রাশিয়া অর্জন করে, তা থেকেই ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটানো হয়।