শ্রীলংকায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে জাতিসংঘের আহবান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২২, ১২:৪১ পিএম

শ্রীলংকায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে জাতিসংঘের আহবান

সংবিধান অনুযায়ি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে শ্রীলংকার রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতাদের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ।

স্থানীয় সময় শুক্রবার শ্রীলংকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হানা সিঙ্গার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে হানা সিঙ্গার বলেন, ‘সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রবীণ রাজনীতিবিদসহ সব স্টেকহোল্ডারের প্রতি শ্রীলঙ্কার জাতিসংঘ মিশন আহ্বান জানাচ্ছে।’ ক্ষমতা হস্তান্তর যেন সংসদের বাইরে ও ভেতরে অন্তর্ভুক্তিমূলক হয়, সে আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

তিনি আরও বলেন, ‘চলমান সংকট উত্তরণে সব পক্ষের সঙ্গে সংলাপে বসতে হবে। সংলাপই এ অচলাবস্থা থেকে উত্তরণের সর্বোত্তম উপায়।’

প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণার এক দিন পর জাতিসংঘ এই আহবান জানাল। গতকাল শুক্রবার গোতাবায়া রাজাপক্ষের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির পার্লামেন্টের  স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

এদিকে, পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অপর দুই ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,  মাহিন্দা রাজাপক্ষে ও বাসিল রাজাপক্ষেকে ২৮ জুলাই পর্যন্ত বিনা অনুমতিতে দেশ ত্যাগ করতে নিষেধ করেছেন শ্রীলংকার সুপ্রিম কোর্ট।

 

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান।

শ্রীলংকার ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক মাস ধরে গণবিক্ষোভ করছেন শ্রীলংকার জনগণ। ব্যাপক গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই নিরাপত্তাকর্মী ছিলেন।

তবে সেখানেও তার দেশত্যাগের দাবিতে স্থানীয় জনগণ ও প্রবাসী শ্রীলংকানরা বিক্ষোভ শুরু করেন।ফলশ্রুতিতে বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে পৌঁছান।পরে মালদ্বীপ থেকে তাঁরা সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান। বর্তমানে তিনি সিঙ্গাপুরে  ট্যুরিস্ট ভিসায় অবস্থান করছেন।

Link copied!