দক্ষিণ আফ্রিকায় ১৬ মাস বয়সী এক মেয়ে শিশুকে পিষে মেরেছে একটি জিরাফ। এ ঘটনায় গুরুতর আহত ওই শিশুর মাকে আশঙ্কাজনক অবস্থা্য় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের (কেজেডএন-এ) কুলেনি গেম পার্কে এ দুর্ঘটনা ঘেটে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এনকোবিলে গোয়ালার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে একটি জিরাফ তাদের পদদলিত করে। তাৎক্ষণিক শিশুটিকে নিকটস্থ ডাক্তারের কক্ষে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মার অবস্থাও আশঙ্কাজনক বলে ডাক্তার জানান।
মৃত শিশুটি ওই গেম পার্কে তার মায়ের সাথে থাকত। কোয়াজুলু-নাটালের হুলুহলুয়ের থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত ওই পার্কটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
জিরাফ বিশ্বের সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী এবং সাধারণত আক্রমণাত্মক হয় না। তবে স্ত্রী জিরাফ তাদের শাবকদের রক্ষা করতে গিয়ে অনেক সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে প্রাণি বিজ্ঞানীদের মত।