করোনা রোগীদের সেবা দেবে ‘সোফিয়া’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২১, ০১:৫০ এএম

করোনা রোগীদের সেবা দেবে ‘সোফিয়া’

বিশ্বজুড়ে আলোচিত রোবট সুফিয়া। চলমান করোনাভাইরাস মহামারীর মধ্যে সে-ও মানবতার সেবায় নিজেকে নিযুক্ত করতে চায়। সে বলেছে, ‘আমার মতো সামাজিক যোগাযোগে সক্ষম রোবটরা অসুস্থ ও প্রবীণদের সেবা দিতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যেও আমি যোগাযোগে সহযোগিতা করতে পারি, রোগীকে ওষুধ দিতে পারি।’ হংকংয়ের প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকসের গবেষণাগারে তাকে তৈরি করা হয়েছিল। সেখানেই সোমবার সে এসব কথা বলেছে। এর মাধ্যমে রোবটটি জানিয়ে রাখল, শিগগির সে কাজে নেমে পড়বে, সেবা দেবে মানুষকে।

রোবট সোফিয়ার কথা হয়তো অনেকেরই মনে আছে। কথা বলে, নানা অভিব্যক্তি প্রকাশ করে এই রোবট বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। বিভিন্ন দেশে ভ্রমণও করেছে রোবটটি। এসেছিল বাংলাদেশেও।

২০১৬ সালে সোফিয়াকে তৈরি করা হয়। রোবটটির উদ্ভাবক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ২০২১ সালের প্রথম ভাগেই সোফিয়াসহ তাদের উদ্ভাবিত চারটি রোবট বিভিন্ন জায়গায় কাজ শুরু করবে। আর বছরের শেষ নাগাদ এ ধরনের রোবট ব্যাপক হারে তৈরির পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে রোবট গবেষণা জনপ্রিয়তা পেয়েছে। নানা জটিল ও ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার বাড়ছে। 

২০১৮ ও ২০১৯ সালের মধ্যবর্তী সময়ে পেশাদার কাজে সহযোগিতায় সক্ষম রোবটের বিক্রি বিশ্বজুড়ে ৩২ শতাংশ বেড়েছে। আর ২০২০ সালে মহামারির সময় এ ধরনের রোবটের ব্যবহার আরও বেড়েছে।

সূত্র: ওয়েবসাইট

Link copied!