ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে হুইলচেয়ারকে। এমনকি প্রয়োজন হলে তা মেডিকেল বেডেও রূপান্তর করা যাবে। খরচও কম। দেশেই উদ্ভাবন হয়েছে এমন চেয়ার। আর এটি দেশের প্রথম স্মার্ট হুইলচেয়ার বলে দাবি গবেষকদের। এই ‘ভয়েস কমান্ড’ হুইলচেয়ার উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল গবেষক।
২০২০ সালের আগস্টে প্রকল্পটি শুরু হয় এবং যা চলতি মার্চে শেষ হয়েছে। অর্থায়নে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রুয়েট। এই গবেষণায় দলপ্রধান ও প্রকল্প পরিচালক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাসুদ রানা।
এ গবেষণায় অধ্যাপক মাসুদ রানার সঙ্গে আরও ছিলেন শিক্ষার্থী ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এমএসসি শিক্ষার্থী সাদমান মাহমুদ খান এবং ম্যাকাট্রোনিকস বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আহমেদ।
অধ্যাপক মাসুদ রানা স্মার্ট হুইলচেয়ারের বিষয়ে জানিয়েছেন, মাত্র ৪০ হাজার টাকায় চেয়ারটি বাজারজাত সম্ভব। সবার ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে। ভয়েস দ্বারা নিয়ন্ত্রণ করা যায় চেয়ারটি। ফলে প্যারালাইজড ব্যক্তিদের ব্যবহারে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে জরুরি মেডিকেল বেডেও রূপান্তর করা যাবে।