সংগৃহীত ছবি
অবশেষে বিশ্বব্যাপী নতুন ১৪ প্রজন্মের প্রসেসর বাজারে আনলো আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, ইন্টেল করপোরেশন। গত ১৭ অক্টোবর থেকে এই প্রজন্মের প্রসেসর বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
কোর আই ৫, কোর আই ৭ ও কোর আই ৯ সিরিজের মোট ৬টি ১৪ প্রজন্মের প্রসেসর বাজারে এনেছে ইন্টেল। উন্মোচনের দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন বড় বড় কম্পিউটার ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে এসব ডেক্সটপ প্রসেসর।
নতুন প্রযুক্তির এই প্রসেসর নিয়ে ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার রজার চ্যান্ডলার বলেন, “হাইব্রিড আর্কিটেকচার আসার পর থেকে ইন্টেল ধারাবাহিকভাবে ডেস্কটপ পারফরম্যান্সের জন্য কোর বানাচ্ছে। আমরা ইন্টেল কোর ১৪ প্রজন্মের প্রসেসরগুলোর মাধ্যমে আবারও দেখাচ্ছি যে, কেন আগ্রহীরা আজ সেরা ডেস্কটপ অভিজ্ঞতার জন্য ইন্টেলের দিকে ঝুঁকছেন।”

ইন্টেলের নতুন ১৪তম জেনারেশনের ৬টি ডেক্সটপ প্রসেসরের মধ্যে সবার শীর্ষে রয়েছে ইন্টেল কোর i9-14900K। প্রসেসরগুলোতে ২৪টি কোর এবং ৩২টি থ্রেড রয়েছে যা ৬ গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি প্রদানে সক্ষম। আরও রয়েছে ইনটেল কোর i7-14700K প্রসেসর, যেটিতে রয়েছে ২০টি কোর এবং ২৮টি থ্রেড, এর আগের জেনারেশনের চেয়ে আধুনিক চারটি নতুন কোর (ই-কোর) থাকছে।
বাংলাদেশের বাজারে ইন্টেলের ১৪তম প্রজন্মের, কোর আই ৯ প্রসেসরের দাম শুরু হয়েছে ৬৮ হাজার টাকা থেকে। কোর আই ৭ প্রসেসরের দাম ৪৯ হাজার টাকা এবং একই প্রজন্মের কোর আই ৫ প্রসেসরের দাম প্রায় ৩৬ হাজার টাকা।