মিয়ানমারে জান্তা-বিরোধী আন্দোলনে অর্থ যোগাচ্ছে মোবাইল গেম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৬:০৬ পিএম

মিয়ানমারে জান্তা-বিরোধী আন্দোলনে অর্থ যোগাচ্ছে মোবাইল গেম

সংগৃহীত ছবি

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। ওই সময় মিয়ানমারে কো টুট (ছদ্মনাম) নামের এক আইটি বিশেষজ্ঞের বন্ধু ও তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। জান্তাদের অনাচারে ক্ষুব্ধ কো টুট প্রতিশোধ নিতেই নিজের আইটি দক্ষতা কাজে লাগিয়ে একটি মোবাইল গেম তৈরি করেন।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, কো টুট একটি অ্যাপ-ভিত্তিক মোবাইল গেম তৈরি করেন যা দেশের ‍‍`বাস্তব ঘটনার‍‍` ওপর ভিত্তি করে তৈরি। ‍‍`ওয়ার অব হিরোস - দ্য পিডিএফ গেম‍‍` নামের এই মোবাইল গেম ইতোমধ্যে জান্তাকে উস্কে দিতে সক্ষম হয়েছে। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামে পরিচিত সামরিক জান্তা বিরোধী বাহিনীর নামানুসারে গেমটির নামকরণ করা হয়।

কো টুট বলেন, “গেমের চরিত্রগুলো আমাদের দেশের (মিয়ানমারের) সব শ্রেণীর, বাস্তব মানুষের ওপর ভিত্তি করে তৈরি”।

কো টুটের লক্ষ্য ছিল সামরিক জান্তা বিরোধী বাহিনী পিডিএফের জন্য অস্ত্র ও মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা। পাশাপাশি দেশের বাস্তব, গৃহযুদ্ধমূলক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।  

গেমটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। তবে গেমটি খেলার সময় গেমারদের নানা বিজ্ঞাপন দেখায়। এভাবে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন কো টুট। 

কো টুট বলেন, “প্রতি মাসে এই গেম থেকে প্রায় ৭০ থেকে ৮০ হাজার মার্কিন ডলার উপার্জন হচ্ছে”। তিনি দাবি করেন যে, আয়ের পরিমাণ প্রতি মাসেই বৃদ্ধি পাচ্ছে। তহবিলগুলো স্থানীয় পিডিএফ এ পাঠানো হয়। এই অর্থে প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য খাদ্য ও অস্ত্রের পাশাপাশি মানবিক সহায়তার জন্য ব্যবহার করা হয়।

কো টুট একটি এনক্রিপ্ট করা অ্যাপে টেক্সট মেসেজিংয়ের মাধ্যমে বিবিসির সঙ্গে কথা বলে এ সব তথ্য জানান।

গেমটিতে খেলোয়াড়রা সামরিক বাহিনীর সেনাদের বিরুদ্ধে যুদ্ধরত পিডিএফ সৈন্যদের ভূমিকা নেয়। তারা গেমের চরিত্রের মাধ্যমে মিয়ানমারের পটভূমিকায় অত্যন্ত বাস্তবসম্মত নানা অভিযানে অংশ নেন।

কো টুট জানান, তিনি ডাক্তার, মুসলমান ও এলজিবিটি সম্প্রদায়ের সদস্যসহ সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত বাস্তব মানুষের ওপর ভিত্তি করে চরিত্রগুলো তৈরি করেছেন।

এদিকে সামরিক জান্তার গেমটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এই বার্তায় বলা হয়, নির্বাসিত ‍‍`সন্ত্রাসী সংগঠন‍‍`, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) পিডিএফের জন্য তহবিল সংগ্রহ করতে গেমটি তৈরি করেছে। যা সেনাবাহিনীর বিরুদ্ধে ‍‍`অবিশ্বাসের বীজ বপন করতে‍‍` ব্যবহৃত হচ্ছে এবং ‍‍`তাদের সেনাবাহিনী বিরোধী বিপ্লবী চেতনা বৃদ্ধি‍‍` করছে।

গেমটি গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয়তেই পাওয়া যাচ্ছে। ২০২২ সালের প্রথম দিকে কো টুটের গেমটি মূলত ‍‍`দ্য পিডিএফ গেম‍‍` নামে চালু হয়। পরবর্তীতে, গুগল প্লে স্টোরের নীতিমালার কারণে এর নাম পরিবর্তন করে ‍‍`ওয়ার অব হিরোস - দ্য পিডিএফ গেম‍‍` রাখেন।

Link copied!