সারা বিশ্বের কয়েক হাজার ইউটিউব ব্যবহারকারীর অ্যাকাউন্টের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। ফলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং মাধ্যম ইউটিউবের বিরুদ্ধে ডাউনডিটেক্টর নামের অভিযোগ গ্রহণকারী একটি প্রতিষ্ঠানে অসংখ্য অভিযোগ জমা হচ্ছে।
গুগলের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্যতা ও সেবার মান নিয়ে সাধারনত কোনও অভিযোগ পাওয়া যায়না। তবে আজ বিশ্বের কয়েক হাজার ব্যবহারকারী ইউটিউবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
এবিষয়ে কথা বলার জন্য ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল ইউটিউবের সাথে যোগাযোগ করেছে। তবে এখনও পর্যন্ত কোনও মন্তব্য জানা যায়নি।
ডাউনডিটেক্টর কর্তৃপক্ষ জানায়, দুপুরের পর থেকে অভিযোগ আসা শুরু হয়, সময় বাড়ার সাথে সাথে অভিযোগকারীর সংখ্যা কয়েক শ থেকে কয়েক হাজারে পরিণত হয়।
প্রতিমাসে ২ বিলিয়নের বেশি মানুষ ইউটিউব ব্যবহার করে। গুগলের পর এটিকেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম হিসাবে ধরা হয়। প্রতিদিন অন্তত ১ মিলিয়ন ঘন্টার ভিডিও দেখা হয় ইউটিউবে।
সূত্র: ডেইলি মেইল।