টেস্ট ও টি টোয়েন্টি তে পরপর হারের পর স্বস্তির সুবাতাস পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডেতে বাংলাদেশ ভাল দল। সেটা আবার প্রমাণিত হলো। গায়ানায় প্রথম ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে। পাশাপাশি ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিডও নিয়েছে।
বাংলাদেশ ৩১.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৯ ওয়ানডে ম্যাচে জয় বাংলাদেশের। রিয়াদ ৪১ ও নুরুল হাসান ২০ রানে অপরাজিত ছিলেন।৫৫ বল হাতে রেখে জয় কম বড় কথা নয়।
বৃষ্টির বাগড়া ছিল। ৪১ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ। শরিফুল (৪/৩৪) ও মিরাজ (৩/৩৬) অবিশ্বাস্য বোলিং করেন। ওয়েস্ট ইন্ডিজ ৪১ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তুলে নেয়। জবাবে বাংলাদেশ ধীরস্থিরভাবে জয় নিশ্চিত করে। মিরাজ ম্যাচসেরা হন।
ওয়েস্ট ইন্ডিজ ১১০ রানে ৯ উইকেট হারিয়েছিল। শেষ উইকেটে ৩৯ রান যোগ করে ফিলিপ (২১) ও সিলেস (১৬)। বাংলাদেশ ক্যাচও ড্রপ করেছে। কন্ডিশন সহজ ছিল না। বাংলাদেশ শঙ্কায় ছিল। তবে তামিম (২৫ বলে ৩৩ রান) ও শান্ত (৪৬ বলে ৩৭ রান) দলকে জয়ের কক্ষপথে রেখেছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদ দলকে বের করে নিয়ে আসেন। আর তার পাশে ছিলেন নুরুল হাসান সোহান।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ১৩ জুলাই এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ও শেষ ম্যাচটি রয়েছে ১৬ জুলাই।
সাকিব, মুশফিক ও সাইফউদ্দিনকে ছাড়া এই জয় আসলেই অকল্পনীয়। বাংলাদেশ সেরা ক্রিকেটই খেলেছে। বৃষ্টি ও প্রতিকূল পরিবেশ তো ছিলই। সব মিলিয়ে এই সফরে প্রথম জয় হাতে ধরা দিল।
২০১৮ সালের ১১ ডিসেম্বর মিরপুরে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এরপর টানা ৯বার ওয়েস্ট ইন্ডিজকে এই ফরম্যাটে হারাল টাইগাররা।