ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছেন স্প্যানিশ টিনএজার কার্লোস আলকারাজ। রোববার ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে ১৯ বছর বয়সী আলকারাজ নরওয়ের কাসপার রুডকে ৬-৪, ২-৬, ৭-৬ (৭/১), ৬-৩ গেমে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। এই শিরোপা জয়ের পাশাপাশি সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও দখল করেছেন আলকারাজ।
২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে এতদিন পর্যন্ত এই রেকর্ডটি ধরে রেখেছিলেন রাফায়েল নাদাল। এছাড়াও ১৯৯০ সালে পিট সাম্প্রাসের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিউ ইয়র্কে শিরোপা জিতলেন আলকারাজ।
কাল ম্যাচে ৫৫টি উইনিং শটের পামাপাশি ১৪টি এস মেরেছেন আলকারাজ। এই টুর্নামেন্টে আরো একটি অনন্য রেকর্ড গড়েছেন আলকারাজ। একটি একক গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশী সময় ধরে কোর্টে থাকার রেকর্ড গড়েছেন তিনি। ফাইনালসহ সর্বমোট ২৩ ঘন্টা ২১ মিনিট আলকারাজকে শিরোপা জয়ে কোর্টে থাকতে হয়েছে। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন ২০১৮ সালের উইম্বলডন রানার-আপ কেভিন এ্যান্ডারসনকে।
ইউএস ওপেনের শিরোপা জিততে পারলে রুডের সামনেও ছিল বিশ্ব র্যাঙ্কিয়ের এক নম্বরে ওঠার সুযোগ। এর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদালের কাছে পরাজিত হবার পর এনিয়ে এ বছর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হতাশ হতে হলো রুডকে।