ইমরানুর ও শিরিনের রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৬:৫৩ পিএম

ইমরানুর ও শিরিনের রেকর্ড

নতুন জাতীয় রেকর্ড গড়ে ফের দেশের দ্রুততম মানবের খেতাব জিতলেন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। শুক্রবার বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিকসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে এই খেতাব জিতলেন সেনাবাহিনীর এই অ্যাথলেট। এদিকে নতুন জাতীয় রেকর্ড গড়ে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছেন স্প্রিন্টের সাবেক রানী শিরিন আক্তার। নৌবাহিনীর এই অ্যাথলেট সময় নিয়েছেন ১১.৯৫ সেকেন্ড।

দেশের অ্যাথলেটিকসে ধুমকেতুর মতো আবির্ভাব লন্ডন প্রবাসী ইমরানুরের। এক বছরে দুবার নতুন জাতীয় রেকর্ড গড়ে দ্রুততম মানবের খেতাব জিতলেন ইমরানুর। এ বছরের জানুয়ারিতে সিনিয়র অ্যাথলেটিকসে ১০.৫০ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে প্রয়াত মাহবুব আলমের গড়া ১০.৫৪ সেকেন্ডের টাইমিং তিনি ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছিলেন। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে হিটে ৩৩তম হয়েছিলেণ ইমরানুর। তুরস্কের কনিয়াতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমরানুর। খেলা শেষে তার কথা, ‘আবার দ্রুততম মানবের খেতাব জিতে আমি খুশী। আগেরবারও রেকর্ড গড়েছিলাম। বুঝতে পারছি ধীরে ধীরে আমি উন্নতি করছি। এটা আমার ক্যারিয়ারের ভাল একটি দিক। ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ইমরানুরের পেছনে থেকে রুপা জেতেন সাবেক দ্রুততম মানব  নৌবাহিনীর মো. ইসমাইল। এই ইভেন্টে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন একই সংস্থার রাকিবুল হাসান।

Link copied!