উইজডেনে আবার সেরা স্টোকস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৩, ০২:২২ পিএম

উইজডেনে আবার সেরা স্টোকস

চার বছরের মধ্যে তৃতীয়বার পুরুষদের 'লিডিং ক্রিকেটার' হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০১৯ ও ২০২০ সালেও তিনি হয়েছিলেন সেরা। টেস্টে বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন এই সেরা অলরাউন্ডার। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও খেলেছিলেন ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস।

স্টোকসের অধিনায়কত্বে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। অথচ স্টোকস অধিনায়কত্ব নেয়ার আগের ১৭ টেস্টে ইংল্যান্ড জিতেছিল মাত্র ১টিতে। স্টোকস গত বছর ইংল্যান্ডের খেলা ১৫টি টেস্টেই ছিলেন। এই সময়ে ব্যাট হাতে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে করেছেন বছরের তৃতীয় সর্বোচ্চ ৮৭০ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে তিনি ৪টি ফিফটিও করেছেন।

বছরজুড়েই বোলিংয়েও উজ্জ্বল ছিলেন স্টোকস। ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। বার্মিংহামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় অবদান।

Link copied!