ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ফিঞ্চের ক্যারিয়ারের শেষ ৫০ ওভারের ম্যাচ।
ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। আগামী মাস থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টিতে বিশ^কাপে দলকে নেতৃত্ব দিবেন ফিঞ্চ। তার নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ^কাপের শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া।
ওয়ানডে থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে ফিঞ্চ বলেন, ‘দারুণ কিছু স্মৃতির জন্য এই যাত্রাটা স্মরণীয় হয়ে থাকবে। অসাধারণ একটা ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একইভাবে যাদের সাথে খেলেছি এবং এর পেছনের মানুষগুলোর সাথে কাজ করতে পেরে আমি ধন্য।’
তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে একজন নতুন অধিনায়ক বেছে নেয়ার। যিনি পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবেন এবং বিশ^কাপ জিতবেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা, আমার এই যাত্রায় সহায়তা এবং সমর্থন জুগিয়েছেন।’