কাঁদলেন, কাঁদালেন ফেদেরার!

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৬:৩০ পিএম

কাঁদলেন, কাঁদালেন ফেদেরার!

অবশেষে বিদায় নিলেন আধুনিক টেনিসের অন্যতম সেরা খেলোয়াড় সুইস সেনসেশন রজার ফেদেরার। বিদায় বেলা যেমন নিজে কেঁদেছেন, একইভাবে কাঁদিয়েছেন বন্ধু-সতীর্থ-প্রতিপক্ষদেরও। শনিবার লেভার কাপে ডাবলসে ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে তার সঙ্গী ছিলেন দীর্ঘদিনের প্রতিপক্ষ ও বন্ধু রাফায়েল নাদাল। তাই নাদালের কাছে অনুভূতিটা একটু ভিন্ন। পরাজয়ের মধ্য দিয়েই অবশ্য বিদায় ঘটেছে বিশ্ব টেনিসের এই আপদমস্তক পেশাদার এক রাজার। 

২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারের ক্যারিয়ার যদিও আরো কিছুটা দীর্ঘায়িত হতে পারতো। কিন্তু হাঁটুর ইনজুরির কারনে গত বছরের জুলাইয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের পর থেকে আর কোর্টে নামতে পারেননি। ৪১ বছর বয়সে তাই টেনিসকে বিদায় জানাতেই হলো। লন্ডনের হাজারো সমর্থকও প্রিয় তারকার বিদায়ে অনেকটাই আবেগী হয়ে পড়েছিলেন। 

টিম ইউরোপের হয়ে খেলতে নেমে গতকাল ফেদেরার ও নাদাল জুটি টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো ও জ্যাক সকের কাছে লন্ডনের ও২ এরিনাতে হেরে গেছেন ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ গেমে। এই ফলাফলে টিম ইউরোপ ও টিম ওয়ার্ল্ড ২-২ ব্যবধানে সমতায় ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান এ্যালেক্স ডি মিনায়েরের কাছে এন্ডি মারে দিনের শেষে সিঙ্গেলসে হেরে যাওয়ায় টিম ইউরোপের পরাজয় নিশ্চিত হয়। 

Link copied!