মাঠে নামলেই গোল। একের পর এক রেকর্ড। ম্যাচের পর ম্যাচ অবিশ্বাস্য ধারাবাহিকতা। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর আর্লিং হলান্ডের গোলের রথ ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। হালান্ডের এত গোলের রহস্য কী- এ প্রশ্ন এখন দর্শক মনে। সম্প্রতি, ‘হালান্ড: দ্য বিগ ডিসিশন' শিরোনামের একটি ডকুমেন্টারিতে নিজের ফিটনেস ধরে রাখার ‘রহস্য ফাঁস’ করেছেন হালান্ড।
অনেকেই বলে থাকেন, মাংসের মতো ভারী খাবার সাধারণত এড়িয়ে চলেন বিভিন্ন খেলার অ্যাথলেট বা খেলোয়াড়েরা। কিন্তু হালান্ড যে এ ক্ষেত্রে উল্টো। প্রতিদিন ৬০০০ হাজার ক্যালরির খাবার খান তিনি। আর এই ক্যালরির চাহিদা মেটাতে তাঁর খাবারের বড় একটা অংশজুড়ে আছে গরুর কলিজা ও গুর্দা।
তথ্যচিত্রে দেখা যায়, হালান্ডকে একজন প্রশ্ন করছেন। সেই সময় কিছু খাবারের প্যাকেট নিয়ে আসেন। এটা দেখে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেন, ‘এটা কি (গরুর) গুর্দা?’–এর উত্তরে হালান্ড হেসে বলেছেন, ‘হ্যাঁ, এটা গুর্দাই।’
গরুর গুর্দা খাওয়া যে তাঁর জন্য খারাপ কিছু নয়, তা ব্যাখ্যা করতে গিয়ে হলান্ড এরপর বলেন, ‘আপনারা তো এটা খান না। কিন্তু আমি আমার শরীর নিয়ে সচেতন। আমি মনে করি স্থানীয় মানসম্পন্ন খাবার খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
হলান্ড যতটা সম্ভব সবচেয়ে বিশুদ্ধ পানি খাওয়ারই চেষ্টা করেন। সূর্যের আলোর উপকারিতা নিয়েও বেশ সচেতন তিনি। এসময় ম্যান সিটি তারকা সার্কাডিয়ান ছন্দের কথা উল্লেখ বলেন-সূর্যের আলো সার্কাডিয়ান ছন্দের জন্যও ভালো।
“সকালে আমি প্রথম যা করি তা হল আমার চোখে কিছুটা সূর্যালোক পাওয়া - এটা সার্কাডিয়ান ছন্দের জন্য বেশ ভাল। আমি আমার খাওয়ার পানিকে যতটা সম্ভব বিশুদ্ধ করার চেষ্টা করি। এটা আমার শরীরের জন্য উপকারী। ”