রিয়াল মাদ্রিদের জন্মদিন ছিল। ১২১তম জন্মদিন। আর ম্যাচশুরুর আগে ফুটবলার, কোচ, ম্যানেজার ও সাপোর্ট স্টাফরা একসাথে ছবি তোলেন। বেশ উৎসবমুখর পরিবেশ। অবশ্য ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
সেভিয়ার মাঠে বেটিসের বিপক্ষে শুরুটা ভালই করেছিল মাদ্রিদ। কিন্তু জয় দিয়ে বার্সেলোনাকে কিছুটা হলেও চাপে ফেলার জন্য প্রয়োজনীয় গোলের দেখা তারা পায়নি। করিম বেনজেমার একটি ফ্রি-কিকের গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। ফরাসি এই ফরোয়ার্ড ও ভিনিসিয়াস জুনিয়রের পাঁচটি প্রচেষ্টা দারুনভাবে রুখে দিয়েছেন বেটিস গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো।
বেটিসেরও দুটি আক্রমন রুখে দিয়ে থিবো কুর্তোয়া রিয়ালকে রক্ষা করেছেন। গুরুত্বপূর্ণ এই এক পয়েন্টে বেটিস এখনো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ধরে রেখেছে। টেবিলের চতুর্থ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের থেকে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র তিন।
বার্সেলোনা কাল ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগা টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে। রিয়াল বেটিসের বিরুদ্ধে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান কমানোর। কিন্তু বেনিটো ভিয়ামারিনের গ্যালাকটিকোদের গোলশুন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।