জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় আনসার ও সেনাবাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ১১:৩৭ পিএম

জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় আনসার ও সেনাবাহিনী

ওয়ালটন ১১তম জাতীয় সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২২’-এ পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার ও নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে।

আজ প্রতিযোগিতার শেষ দিনে পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার ০৫টি স্বর্ণ ও ০৫টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপ হওয়া বাংলাদেশ সেনাবাহিনী ০৩টি স্বর্ণ, ০৫টি রৌপ্য ও ০১টি ব্রোঞ্জসহ ০৯টি পদক জিতেছে। তৃতীয় হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ জিতেছে ০২টি স্বর্ণ, ০৫টি রৌপ্য ও ০৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।

এদিকে নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সেনাবাহিনী ০৬টি স্বর্ণ ও ০৩টি রৌপ্যসহ মোট ০৯টি পদক জিতেছে। রানার্স-আপ হওয়া বাংলাদেশ আনসার ০৪টি স্বর্ণ ও ০৬টি রৌপ্যসহ মোট ১০টি পদক জিতেছে। আার তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশ ০১টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জসহ ০৭টি পদক জিতেছে।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়) দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতার প্রতিটি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয়ী কুস্তিগীরদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।

বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Link copied!