জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয়ের মিশনে আজ আবারও মাঠে নামছে উজ্জীবিত বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে এবং টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে তারা। সিনিয়রদের ছাড়া প্রথম ম্যাচ হারের পর দল নিয়ে প্রশ্ন উঠেছিলো। তবে দ্বিতীয় ম্যাচে জয় প্রমান করে যেকোন অবস্থায় জিম্বাবুয়েকে হারাতে সক্ষম নতুন চেহারার এই দল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন। দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ায় চলমান জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে যান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে তার পরিবর্তে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক।
সোহানের পরিবর্তে শেষ ম্যাচে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহকে, এই সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছিলো। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি।