টেনিসকে ভালো কিছু দিতে চাই: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২২, ০৮:৩৭ পিএম

টেনিসকে ভালো কিছু দিতে চাই: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘সকলের সহযোগিতা ও আগ্রহে টেনিসকে ভালো কিছু দিতে পারব। আমরা চাই টেনিস খেলাটা এগিয়ে যাক। একটি টিম ওয়ার্কের মাধ‍্যমে স্পিরিট নিয়ে চললে সেটা সম্ভব। আমরা টেনিসকে ভালো কিছু দিতে চাই। টেনিসের উন্নয়নে ফেডারেশনের নির্বাহী কমিটির বাইরে টেনিসের প্রতি যাদের আগ্রহ আছে তাদেরও এডজাস্ট করতে হবে। আমরা টেনিসের সম্ভাবনা জাগাই, সহযোগিতা পাব।’

সোমবার (৫ ডিসেম্বর) ঢাকায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী  কমিটির চতুর্থ বৈঠকে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। তিনি আমাদের শাণিত করেছেন। বঙ্গবন্ধুর পর আমরা শেখ হাসিনার মতো যোগ‍্য নেতৃত্ব পাইনি। আশা করি তাঁর যোগ‍্য নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে আরও এগিয়ে যাব। 

বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন সভাপতি বলেন, খেলাধুলা প্রতিটি মানুষের জীবনের অংশ হওয়া উচিত। ব‍্যক্তিজীবনে খেলাধুলা করেছি। পায়ের ব‍্যথার কারণে একটু ব্রেক হয়েছে। সবসময় খেলাধুলার মধ‍্যে আছি। বাবা ঢাকা প্রথম বিভাগে খেলেছেন। পরিবারের ভাইবোনরা খেলাধুলার সাথে জড়িত ছিল। খেলাধুলার সাথে আছি। খেলাধুলা ও সংস্কৃতির সাথে থাকতে ভাল লাগে; মনটা ভালো থাকে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত প্রশিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

Link copied!