ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে ফিফা থেকে নিষিদ্ধ রাশিয়া। তারপরও সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসেছে রাশিয়ার বয়সভিত্তিক দলটি। আর খেলতে এসেই লক্ষ্য নির্ধারন করে ফেলেছে ইউরোপের দেশটি। চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই দেশে ফিরতে চায় তারা। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত টুর্নামেন্ট পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে রাশিয়ার কোচ ইয়েলেনা মেদভেদ বলেন, ‘অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিটা দলই চায় চ্যাম্পিয়ন হতে। শিরোপা জিতে রাশিয়া নিয়ে যেতে চাই।’ কমলাপুর স্টেডিয়ামে সোমবার শুরু হচ্ছে পাঁচ দলের এই টুর্নামেন্ট। সন্ধ্যা সোয়া সাতটায় ভুটানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ। তার আগে সোয়া তিনটায় দিনের প্রথম ম্যাচে লড়বে ভারত ও নেপাল।
ঢাকায় খেলতে আসলেও বাংলাদেশ নিয়ে তেমন কিছুই বলতে পারলেন না রাশিয়ান কোচ, ‘বাংলাদেশ দল সম্পর্কে কিছু বলা খুবই কঠিন আমাদের কাছে। কারণ এই দল সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ মেদভেদ যোগ করেন, ‘আমাদের দলের জন্য চমৎকার টুর্নামেন্ট হতে যাচ্ছে। এশিয়া অঞ্চলে আমরা কখনোই কোন টুর্নামেন্টে অংশ নেইনি। এমন টুর্নামেন্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম।’ ঢাকার ট্রাফিক নিয়ে কোচের মন্তব্য, ‘অনেক মানুষ এবং এখানে অনেক ট্রাফিক জ্যাম। সময় মেনে অনুশীলনে যাওয়া এবং ম্যাচে অংশ নেওয়াই আমাদের এখন কাজ।’ দুই মাস আগে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পেয়ে তুরস্কে অনুশীলন ক্যাম্প করেছে রাশিয়া। দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। ঢাকার টুর্নামেন্টে রাশিয়া ছাড়াও বাংলাদেশ ও ভারতের মতো দল রয়েছে।