চট্টগ্রাম টেস্টে বড় হারের পর ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও শুরুতেই বেহাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের। বছরের শেষ টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ২৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে বাংলাদেশ। ব্যাট করছেন সাকিব ও মমিনুল।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই টেস্টে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। ইয়াসির আলির জায়গায় দলে ফিরেছেন মুমিনুল হক। এবাদত হোসেনের জায়গা নিয়েছেন তাসকিন আহমেদ।
শান্ত ৫৭ বল খেলে ২৪ রান ও আগের টেস্টে সেঞ্চুরি করা জাকির ৩৪ বলে ১৫ রান করেই সাজঘরে ফিরে যান।
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে বছর শুরু করা বাংলাদেশ ক্রিকেট দল এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটা টেস্টে ড্র করা ছাড়া আর কোনো টেস্টেই সাফল্য পায়নি।
ওয়ানডে সিরিজে আধিপত্য দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতা বাংলাদেশ টেস্ট সিরিজে বড় ব্যবধানে হেরেছে।
মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে প্রায় ১ যুগ পর টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর আগে সবশেষ দেখায় টাইগাররা হেরেছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে বেশ উন্নতি করলেও টেস্টে এখনো অনেক পিছিয়ে টাইগাররা।
এই টেস্টে টস করতে নেমে টাইগারদের অধিনায়ক ছুঁয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। অধিনায়ক হিসেবে এটি সাকিবের ১৮তম টেস্ট। আগের ১৭ টেস্টের ৩টিতে জয় এনে দিয়েছেন সাকিব, তবে হেরেছেন বাকি ১৪ টেস্টেই।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক) শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশভ পান্ত, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেভ উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।