দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২২, ০৩:৪৭ পিএম

দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে খানিক লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি সাকিব আল হাসানের দল। দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল হারই সঙ্গী হলো বাংলাদেশের।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ রোববার টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ধাক্কাটা খেয়েছিল ইনিংসের দ্বিতীয় ওভারেই। মেহেদি হাসান মিরাজ ফিরেছিলেন টিম সাউদির শিকার হয়ে। এরপর তিনে আসেন লিটন, তবে শেষ কিছুদিনের ছন্দটা এদিন যেন তার ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল আজ। ১৬ বলে ১৫ রানের ইনিংস খেলে মাইকেল ব্রেসওয়েলকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে হাঁসফাঁস করেছেন প্রায় পুরোটা সময় ধরেই।

টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দলে যোগ দেওয়া সাকিব আজই প্রথম নামেন দলের হয়ে। তিনিও খুব বেশি কিছু করতে পারেননি, ১৬ বলে ১৬ রানের ইনিংস খেলে যখন বিদায় নিচ্ছেন, অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কাও জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। সেখান থেকে বাংলাদেশ যে ১৩৭ রানের পুঁজি পেয়েছে, তাতে পুরো কৃতিত্বটা উইকেটরক্ষক নুরুল হাসানের। শেষ স্বীকৃত এই ব্যাটারের ব্যাটেই বাংলাদেশ পায় ইনিংসের প্রথম ২০০ স্ট্রাইক রেট ছোঁয়া ইনিংস, ১২ বলে তিনি করেন ২৫ রান, ১ চারের বিপরীতে তিনি হাঁকান দুটো ছক্কা। তাতে হতশ্রী ব্যাটিংয়ের পরও বাংলাদেশ পায় ১৩৭ রানের ‘লড়াইয়ের মতো’ পুঁজি।

বাংলাদেশের বোলিংও শুরু থেকে শেষতক ছিল মোটাদাগে সাদামাটা। প্রথম উইকেটের দেখা পাওয়ার আগে যাও একটু দেখা যাচ্ছিল, সেই উইকেটের পর যেন উবে গেল তাও।

পরে গ্লেন ফিলিপসকে নিয়ে আর কোনো বিপদ ঘটতে না দিয়ে সহজেই ম্যাচ শেষ করেন কনওয়ে। দুইটি করে চার-ছয়ের মারে ৯ বলে ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন ফিলিপস। কনওয়ের ব্যাট থেকে আসে ৫১ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস।

Link copied!