বাংলাওয়াশের স্বাদ পেল ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৩, ০৬:১৫ পিএম

বাংলাওয়াশের স্বাদ পেল ইংল্যান্ড

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এরইমধ্যে সিরিজ জয় করেছে টাইগাররা। তবে এবার শেষ ম্যাচ জিতে বাংলাওয়াশের স্বাদ দিল ইংল্যান্ড ক্রিকেট দলকে। মঙ্গলবার মিরপুরে টস হেরে ব্যাটিং করতে নেমে ইংলিশদের ১৫৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না লিটন দাস। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে ৫৭ বল খেলে ১১ বাউন্ডারিতে ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। দলীয় ১৩৯ রানে ক্রিস জর্ডানের বলে ফেরেন লিটন। এদিকে ব্যক্তিগত ১৭ রানের মাথায় নিশ্চিত জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি রনি তালুকদার। ইনিংসের অষ্টম ওভারেই আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ২২ বলে তিন চারে ২৪ রান করেন রনি। তার বিদায়ে ভাঙে ৪৫ বল স্থায়ী ৫৫ রানের জুটি। এরপর সময়ের সঙ্গে লিটনের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

এ ম্যাচের একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ।তানভীর ইসলামের অভিষেক হয় নাসুম আহমেদের জায়গায়, আফিফ হোসেনের জায়গা নেন শামীম পাটোয়ারী।

তবে ইংল্যান্ডের শুরুটা ভালই ছিল। শুরুতেই ফিল সল্টকে হারালেও বাটলার ও মালানের জুটিতে শক্ত অবস্থানে ছিল ইংল্যান্ড। কিন্তু মোস্তাফিজ ও তাসকিনের আঘাতে চূর্ণ হয়ে যায় ইংল্যান্ডের মিডল অর্ডার। আর তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

Link copied!