সাউথ এশিয়ান ইয়ুথ, ক্যাডেট ও জুনিয়র চ্যাম্পিয়নশিপে তিনটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ (টেবিল টেনিস)। সোমবার ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরে অনুষ্ঠিত দলগত ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে, যদিও মালদ্বীপে অনুষ্ঠিত আগের আসরে অ-১৯ বালক দলগতে স্বর্ণ জিতেছিল।
সকালে বালক অনূর্ধ্ব-১৯ শ্রীলংকার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জেতে। কিন্তু আগের দিন নেপালের বিরুদ্ধে ৩-০ সেটে হারে এবং মালদ্বীপের বিরুদ্ধে ৩-০ সেটে প্রথম জয় পায়। বাংলাদেশ, নেপাল এবং শ্রীলংকার পয়েন্ট সমান হওয়ায় প্রত্যেক ম্যাচের সেট স্কোর হিসাব করে নেপাল স্বর্ণপদক, শ্রীলংকা রুপা পদক এবং বাংলাদেশ ব্রোঞ্জ জেতে। ভালো ফল করেছে অনূর্ধ্ব-১৫ বালক দল। একটুর জন্য তারা রুপা জিততে পারেনি। রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও পরের ম্যাচে শ্রীলংকার সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ সেটে হেরে যায়। কাল সকালে নেপালের সঙ্গে ৩-০ সেটে জিতলেও পরের খেলায় শক্তিশালী ভারতের কাছে ৩-০ সেটে হেরে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। বালিকা অনূর্ধ্ব-১৫ দলগত বিভাগে প্রথমবারের মতো ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। তারা মালদ্বীপকে ৩-২ সেটে হারিয়েছে। কাল সকাল থেকে একক দ্বৈত ও মিশ্র দ্বৈতের খেলাগুলো অনুষ্ঠিত হবে।