সাবেক ক্রিকেটার সামিউর রহমান আর নেই। দেড় বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন এই ক্রিকেটার।
বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলেছিলেন সামিউর রহমান। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে ২ ম্যাচে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে করেছেন ৪ রান। ক্রিকেটার পরিচয় ছাপিয়েও সামিউর রহমান বাংলাদেশের ক্রিকেটে বড় হয়ে আছেন বিসিবির ম্যাচ রেফারি পরিচয়ে।
১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু, সেটিতে বাংলাদেশ দলের পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।
জানা গেছে, ব্রেনে টিউমার ধরা পড়েছিল, ডিমেনশিয়ায়ও (স্মৃতিভ্রষ্টতা) ভুগছিলেন। হাসপাতাল-বাড়িই করতে হচ্ছিল বেশ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছুটা উন্নতি হওয়ায় বাসায় নেওয়া হয়েছিল, কিন্তু এরপরই আবার হাসপাতালে নিতে হয় তাকে। আজ সকালে পাড়ি জমালেন অন্য ভুরনে।