বাংলাদেশের সামনে আজ আয়ারল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:২৯ পিএম

বাংলাদেশের সামনে আজ আয়ারল্যান্ড

আবুধাবিতে আজ শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবু ধাবিতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। আসরের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ নারী দল। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

এবারের বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ছাড়াও  গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই শুরু করবে বাংলাদেশের  নারীরা। ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারবেন না দলের দুই সেরা ক্রিকেটার পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক। আবুধাবিতে দলের অনুশীলনে ডান-হাতে ব্যথা পান জাহানারা। অভিজ্ঞ এই বোলারের হাতে দু’টি সেলাই পড়েছে। আর করোনায় আক্রান্ত হওয়ায় বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছেন ফারজানা। জাহানারা ও ফারজানার বদলি হিসেবে আজ দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে বাঁ-হাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ও স্পিন অলরাউন্ডার সোহেলী আক্তারের।

Link copied!