বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ইংল্যান্ড শুক্রবার বাংলাদেশে এসে নেমেছে। সৌরভ আশাবাদী, ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারবে বাংলাদেশ।
বৃহস্পতিবার মেয়রস কাপের উদ্বোধনী করেছেন। এরপর একটি ব্যাংকের অনুষ্ঠানে গিয়েছিলেন। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে জানান,‘ উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, এত চাপের মধ্যে থাকতে হয়, তারপরও মানুষ কীভাবে ভালো থাকেন তা নিয়ে সবসময় চিন্তা করেন। এতকিছুর পরও খেলাধুলার প্রতি তার খুব আগ্রহ। উনি আমাকে বলছিলেন, এখানকার বড় বড় মাঠে যেন বিল্ডিং সোসাইটি গড়ে না ওঠে, ছেলেমেয়েরা যেন সেখানে খেলতে পারে। এটি আমার কাছে অসাধারণ লেগেছে।’
মার্চে তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং সিরিজ দুটিই। সৌরভ বাংলাদেশের ক্রিকেট নিয়মিত দেখেন। খোঁজখবর রাখেন কে কেমন খেলছে। তিনি বলেছেন,‘ বাংলাদেশ খুবই ভালো খেলছে এখন। কয়েক বছর আগে বাংলাদেশ ভারতে গিয়ে সিরিজ জিতে এসেছিল। তারা এখন অনেক শক্ত দল। আমাকে গতকাল পাপন ভাই বলছিল, আমরা এই ইংল্যান্ডকে ছাড়া সবাইকেই হারিয়েছি। আমি তখনই তাকে বললাম, এবার আপনারা ইংল্যান্ডকেও হারাবেন।’