সাংবাদিকদের ফুটবল ফেডারেশনে প্রবেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এর অনারারি সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কাজী মো. সালাউদ্দিনকে ২০১২ সালে বিএসপিএ সম্মানসূচক অনারারি সদস্য পদ দিয়ে আপন করে নিয়েছিল। পরীক্ষিত ক্রীড়া সংগঠক, লিজেন্ড খেলোয়াড় এবং মিডিয়া সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের অনারারি সদস্য পদ দেওয়ার রেওয়াজ আছে এই সংগঠনের। এই ধারায় বিএসপিএ সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান ও বর্তমানে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মানিত করেছে অনারারি সদস্য পদ দিয়ে। একইভাবে কাজী মো. সালাউদ্দিনকে অনারারি সদস্যপদ দেওয়া হয়েছিল।
তবে বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই বিএসপিএর কার্যনির্বাহী কমিটি আজ জরুরি সভা করে কাজী মো. সালাউদ্দিনকে অনারারি সদস্য পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সালাউদ্দিন অবশ্য ক্ষমা চেয়েছেন। তিনি আলাপে বলেছিলেন যে , কোনো সাংবাদিককে ফুটবল ফেডারেশনে আসতে হলে তারা বাবার জুতো পরে ছবি দরকার হবে। পরে অবশ্য দুঃখ প্রকাশ করেন তিনি।