বাতাসে গুঞ্জন পিএসজি থেকে নতুন ঘরে যাচ্ছেন লিওনেল মেসি। গতবছর বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন লিও। ভালো কাটেনি পিএসজির সময়টা। যে কারণে অনেকে ভাবছিলেন বার্সায় ফিরবেন তিনি। কিন্তু সে গুঞ্জন পাল্টে এখন শোনা যাচ্ছে নতুন ক্লাবের নাম।
দ্য টাইমস জানিয়েছে, মেসি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিগে। চলতি মৌসুমের ইতি ঘটলেই পিএসজি ছাড়তে পারেন তিনি।

টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন মেসি। দুই পক্ষের সমঝোতায় আসার বিষয়টিও নাকি একটু একটু করে এগোচ্ছে। তবে কি সত্যিই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার?
টাইমসের মতে, মেসি মায়ামিতে গেলে তিনি হবেন লিগটির সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের মতে, পিএসজিতে বছরে লিওনেল মেসির বেতন ৪১ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরটা ভালো না কাটলেও এবার ফর্মে ফিরেছেন ৩৫ বছর বয়সী এ তারকা। এ মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। যেখানে গত মৌসুমে ৩৪ ম্যাচে করেছিলেন ১১ গোল।

প্রসঙ্গত, ২০০৪ সালে বার্সেলোনার সিনিয়র দলে সুযোগ পেয়ে সব মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে খেলেন ৭৭৮ ম্যাচ, করেন ৬৭২ গোল। ৪৭৪ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সেলোনার ইতিহাসেও সর্বোচ্চ গোলের রেকর্ডটি তাঁর দখলে।