ভাইরাসে বেহাল অবস্থা ফ্রান্স শিবিরের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২২, ১০:৫০ পিএম

ভাইরাসে বেহাল অবস্থা ফ্রান্স শিবিরের

দুদিন বাদেই স্বপ্ন জয়ের লড়াই। আর্জেন্টিনা নামবে ৩৬ বছরের না পাওয়া কষ্ট ঘুচাতে আর ফ্রান্স চাইবে দ্বিতীয়বারের মতো ট্রফি নিজেদের দেশে নিয়ে যেতে। কিন্তু রোববারের (১৮ ডিসেম্বর) লড়াইয়ে মাঠে নামার আগেই ফ্রান্স শিবিরকে লড়তে হচ্ছে অন্য যুদ্ধে। ‘ক্যামেল’ ভাইরাসে আক্রান্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলোয়াড়দের অনেকেই।

অন্যগুলো দল যেখানে ইনজুরির বিরুদ্ধে লড়েছে সেখানে ফরাসি শিবিরের লড়াইটা মধ্যপ্রাচ্যের এক ভাইরাসের বিরুদ্ধে। ‘ক্যামেল’ নামক এ ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর আসবে, এরপর কাশি শুরু হবে; থাকবে ডায়রিয়া আর বমি বমি ভাবও। এমন ভাইরাস নিয়ে মাঠে খেলা যাওয়া অসম্ভব। ঠাণ্ডাজনিত কারণে এই ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

ভাইরাসে আক্রান্ত হয়ে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি ফ্রান্সের ডিফেন্ডার দায়োত উপামেকানো ও আন্দ্রিয়াঁ রাবিও। ফাইনালের লড়াইয়ের তিন দিন আগে একই ভাইরাসে আক্রান্ত হন ফরোয়ার্ড কিংসলি কোমান। তাঁদের সঠিক সময়ে ফিরে পাওয়া নিয়ে যখন শঙ্কায় কোচ দিদিয়ের দেশম, ঠিক তখন ফরাসি সংবাদমাধ্যমে লে’কিপ দিয়েছে আরও বড় দুঃসংবাদ।

এবার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি রক্ষণের দুই প্রাণ রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাতে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) লে’কিপ জানায়, গত এক সপ্তাহ ধরে ফ্রান্স শিবিরে আতঙ্ক ছড়ানো ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে ভারানে ও কোনাতের শরীরে। তবে তাঁরা প্রাথমিক পর্যায়ে আছে। দলের চিকিৎসকরা এ দুজনকে পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ফরাসিদের রক্ষণভাগের প্রাণ বলা যায় ভারানেকে। তার উপস্থিতিতে রক্ষণ নিয়ে নিশ্চিন্ত থাকেন কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু ফাইনালে যদি তাকে না পাওয়া যায় তাহলে রক্ষণ নিয়ে বেশ ভীতিকর অবস্থায় পড়তে হবে দিদিয়ের দেশমকে। অন্যদিকে উপমেকানোর পরিবর্তে মরক্কোর বিপক্ষে রক্ষণের দায়িত্বে ছিলেন কোনাতে। কিন্তু দুজনই আক্রান্ত হওয়ায় তাদের বিকল্প নিয়ে বেশ ভুগতে হবে ফরাসি কোচকে।

তারপর সেন্ট্রাল মিডফিল্ডার রাবিও যদি সময় মতো ফিরতে না পারেন তাহলে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে ফ্রান্সের জন্য।

Link copied!