সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়েছে।
দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগের ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছিল এদিন তারা। ভারতের সঙ্গে ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা বেশ কয়েকটি সেভ করেন। বাংলাদেশও গোলের সুযোগ সৃষ্টি করেছে। দুই দলের ফিনিশিং দক্ষতার অভাবে গোল হয়নি।
এই ড্রয়ে ফাইনাল নিশ্চিত করার অপেক্ষা বাড়ল বাংলাদেশের। দুটি করে ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৪। ৭ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।